
নাটোরের বাগাতিপাড়ায় পরপর দুই দিন দুইটি স্থানে রেললাইনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আব্দুলপুর থেকে রাজশাহী অভিমুখে লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে মালিগাছি অরক্ষিত লেভেলক্রসিং এলাকায় সেকশন ২২৯/৪-এ রেললাইনে নতুন ফাটল দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল পতাকা টাঙিয়ে সতর্ক সংকেত দেন। ফলে ওই অংশ দিয়ে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে।
স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় লাইনে ফাটল সৃষ্টি হতে পারে। মাঝরাতের ট্রেনগুলো দ্রুতগতিতেই ভাঙা অংশ অতিক্রম করেছে।
বারবার রেললাইন ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ক্রমেই বাড়ছে বলেও জানান তারা। গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতেও উপজেলার গাঁওপাড়া অরক্ষিত লেভেলক্রসিং এলাকায় রেললাইনে বড় ফাটল দেখা যায় বলেও জানান তারা।
আব্দুলপুর রেলওয়ে মাস্টার জামিল ও আড়ানী রেলস্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে কন্ট্রোলের মাধ্যমে জানতে পারি ২২৯ এর ৪/৫ নম্বর পিলার এলাকায় রেললাইন ভেঙে গেছে। খবর পেয়ে রেলওয়ের মিস্ত্রিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টাঙিয়ে সতর্কতা জোরদার করেন।
ধীরগতিতে ট্রেন পারাপার করা হচ্ছে। ইতিমধ্যে চারটি ট্রেন নিরাপদে অতিক্রম করেছে। সংস্কার কাজ চলছে, অল্প সময়ের মধ্যেই মেরামত সম্পন্ন হবে।
আরটিভি/এএএ




