
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলায় আল আমিন তরফদার (৫২) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আল-আমিন তরফদার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের আজাহার আলী তরফদারের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক কাউন্সিলর।
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মিসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কার্যালয়ে কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে বিএনপির মিছিলে ককটেল হামলা, ব্যানারে অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা ২টি মামলায় ২০২৫ সালের ১৫ জুলাই আল আমিন তরফদারকে গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে অবস্থান করেন।
আরটিভি/এএএ




