
হবিগঞ্জের মাধবপুরে দুই পরিশ্রমী কৃষকের সবজি ক্ষেতের ওপর নেমে এসেছে নিদারুণ বিপর্যয়। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে দুর্বৃত্তরা মিলাদ মিয়া ও রুবেল মিয়ার তিন থেকে চারশো টমেটো, শিম ও শসার গাছ কেটে ফেলেছে। একরাতে পরিশ্রমের ফসল মাটি হয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ তিন থেকে চার লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন তারা।
ক্ষতিগ্রস্ত কৃষক রুবেল মিয়া জানান, মাসের পর মাস শ্রম দিয়ে চাষ করেছি। সকালে ক্ষেতে গিয়ে দেখি সব গাছ কাটা পড়ে আছে। চোখে অন্ধকার দেখে ফেলেছি।
কৃষক মিলাদ মিয়ার কণ্ঠেও ছিল একই হাহাকার—আমরা খেটে খাওয়া মানুষ। ফসলই আমাদের সম্পদ। তা নষ্ট করে দেওয়া মানে আমাদের পরিবারকে পথে বসানো।
ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে ক্ষোভ ও শোকের ছায়া। স্থানীয় সাংবাদিক হামিদুর রহমান বলেন, এটি পরিকল্পিতভাবে দুই কৃষককে ক্ষতিগ্রস্ত করার ঘটনা। সমাধানের চেষ্টা স্থানীয়ভাবে হলেও সুষ্ঠু তদন্তের জন্য আইনি প্রক্রিয়ায় যাওয়া জরুরি।
এ বিষয়ে মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
দুই কৃষকের স্বপ্নের ক্ষেত এভাবে নষ্ট হওয়ায় গ্রামজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।
আরটিভি/এস




