
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) ফতুল্লার পঞ্চবটি এলাকায় নিজের রাজনৈতিক কার্যালয়ে এ আয়োজন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
এ সময় তিনি বলেন, হাফেজরা যতদিন এই কোরআন পাঠ করবেন, এর সওয়াব আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পেতে থাকবেন। পাশাপাশি তার আশু সুস্থতা ও নেক হায়াত কামনা করে আল্লাহর দরবারে সবাই দোয়া করবেন।
কোরআন বিতরণ শেষে দোয়ায় হাফেজরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং পুনরায় জনগণের সেবায় নিয়োজিত হওয়ার জন্য দোয়া করেন। এছাড়াও তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং তার সার্বিক কল্যাণের জন্য দোয়া করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আব্দুল হালিম, আবু হোসাইন সাঈদ, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিএনপির গণঅভ্যুত্থান: ২০২৪ ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য এস. আলম রাজীব, হাবিবুর রহমান লিটন, নাজির সিকদার, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, আবু তাহের আজাদ, আক্তারুজ্জামান, মনোয়ার খান রাজীব, তোফাজ্জল হোসেন তাপু, আদনান আজিজ প্রান্ত, সারজিল আহমেদ অভি, লিয়ান মাহমুদ আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম




