
শেরপুরের শ্রীবরদীতে সীমান্তবর্তী এলাকায় ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক মিয়া (৪০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মালাকোচার সোনাজুরি নামক এলাকায় ওই ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয়রা জানান, উপজেলার বালিজুড়ি পাহাড়ের টিলায় সপ্তাহ দুয়েক ধরে ৩০-৪০টি বন্য হাতি দলবেঁধে অবস্থান করছিল। সোমবার বিকেল ৩টার দিকে মালাকোচা সোনাজুরি এলাকায় একটি বাগানে হাতিগুলো অবস্থান নিলে অতি উৎসাহী হয়ে খুব কাছে গিয়ে ভিডিও করতে যান ফারুক মিয়া।
এ সময় হাতির পাল তার দিকে তেড়ে এসে হামলা করে। এ সময় হাতি পা ও শুঁড় দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন ফারুক। পরে স্থানীয়রা তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, ফারুক সম্প্রতি ফেসবুকে হাতির ভিডিও আপলোড করতে শুরু করেন এবং অনলাইনে ইনকামের আশায় গারো পাহাড়ের বিভিন্ন কনটেন্ট তৈরি করছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বসির মিয়া বলেন, ভিডিও করতে করতে একদম হাতির কাছে চলে যান ফারুক। এ সময় দৌড় দিতে গিয়ে মাটিতে পড়ে গেলে হাতি তার পা ও শুঁড় দিয়ে ফারুকের মুখ, মাথা, পা ও পেটে আঘাত করে। পরে একটি ভ্যানগাড়িতে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
শ্রীবরদী বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, সম্প্রতি অতি উৎসাহী কিছু কনটেন্ট ক্রিয়েটর বনে উৎপাত শুরু করেছে। তারা হাতিকে উত্ত্যক্ত করছে। আমরা মাইকিং করছি, প্রচারণা করছি এবং সীমিত জনবল দিয়ে প্রতিরোধের চেষ্টাও করছি। আজ বিকেল ৩টার দিকে ভিডিও করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিদুল ইসলাম বলেন, হাতির আক্রমণে ফারুক নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু তার অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় তা আর সম্ভব হয়নি। তার লাশ এখন হাসপাতালে রয়েছে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
আরটিভি/এস




