
এক বন্ধুর নিমন্ত্রণে অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে খেজুরের রস খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. তামিম (১৮)। তিনি গাজীপুরের পুবাইল থানার মারুফা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তবে তার সঙ্গে থাকা আহত দুই বন্ধুর নাম-ঠিকানা জানা যায়নি।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্ধুর নিমন্ত্রণে খেজুরের রস খেতে ভোর পাঁচটার দিকে মোটরসাইকেলে নিজ গ্রাম মারুফা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাজীপুরে যাচ্ছিলেন তামিমসহ তার তিন বন্ধু। তামিম ছিলেন মোটরসাইকেলের চালক। তারা কলেজগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। গাড়ির ধাক্কায় দুই বন্ধু দুই দিকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং তামিম ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন খান গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আহত দুই বন্ধুকে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায়নি। পথচারীরা তাদের উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে।
আরটিভি/আইএম




