
বাগেরহাটে চা খেতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির হাওলাদার (২৫) রতিয়া রাজাপুর গ্রামের ইউনূস হাওলাদারের ছেলে।
নিহতের বাবা ইউনূস হাওলাদার বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাব্বির চা খেতে দোকানে যায়। কিন্তু ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে জুতা দেখে পুকুরে নেমে খোঁজ করলে সাব্বিরের মরদেহ পাওয়া যায়।
তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার কারণে ছেলেকে হত্যা করা হতে পারে। অপরাধীদের শনাক্ত করে বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামিরুন হক গণমাধ্যমকে বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে প্রকৃত কারণ জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবো।
আরটিভি/আইএম




