‘ভিক্ষুকের টাকা না খাইলে বড়লোক হওয়া যায় না’

আরটিভি নিউজ

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৩:১৮ পিএম


‘ভিক্ষুকের টাকা না খাইলে বড়লোক হওয়া যায় না’
গ্রেপ্তার ফারুক সরকার। ছবি: সংগৃহীত

কুমিল্লায় ভিক্ষুকের টাকা ছিনিয়ে নেওয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিতাস উপজেলার মঙ্গলকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম মো. ফারুক সরকার (৪৫)। তিনি মঙ্গলকান্দি গ্রামের মৃত আব্দুল বারেক সরকারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে জগতপুর-মঙ্গলকান্দি ব্রিজের ওপরে ভিক্ষুক আমির হোসেন (৭০) ও তার স্ত্রী সেলিনা আক্তারের (৫৫) পথরোধ করে তাদের সারাদিনের উপার্জিত ৯০০ টাকা ছিনতাই করে ফারুক ও তার সহযোগীরা। বিষয়টি ভিক্ষুক দম্পতি এলাকাবাসীকে জানায়। 

এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষভাবে তৎপর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ ডিসেম্বর) অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ফারুককে গ্রেপ্তার করে তিতাস থানা পুলিশ।

বিজ্ঞাপন

এর আগে ভিক্ষুক আমির হোসেন বলেন, ‘আমাদের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার আমিরাবাদ গ্রামে। আমরা স্বামী-স্ত্রী তিতাস উপজেলার বাতাকান্দি টেগুরা পাড়া আলি মিয়ার বাড়িতে ভাড়া থাকি। মঙ্গলবার দুপুরে মঙ্গলকান্দি হয়ে জগতপুর যাওয়ার পথে ব্রিজে উঠলে তারা কয়েকজন আমাদের আটক করে এবং আমাদের সঙ্গে থাকা ৯০০ টাকা রেখে দেয়। অনেক কান্নাকাটি করেছি তবুও টাকাগুলো দেয় নাই। তারা বলে- ভিক্ষুকের টাকা না খাইলে বড়লোক হওয়া যায় না, তাই নিয়ে নিলাম’। 

আরও পড়ুন

এদিকে গ্রেপ্তারকৃত ফারুক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত না। আমি জগতপুর থেকে আসার পথে ব্রিজের ওপর তাদেরকে দেখেছি এবং ছিনতাইকারীদেরকে চিনি। 

তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে মঙ্গলকান্দি গ্রামের মানিক ও দুলাল পরিকল্পিতভাবে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি এর সঠিক তদন্ত চাই।

স্থানীয় বাসিন্দারা জানান, জগতপুর-মঙ্গলকান্দি ব্রিজ, জগতপুর ফারুক ডা. এর পরিত্যক্ত বাড়ি, জগতপুর-কানাইনগর সড়কের কিছু অংশ এবং জগতপুর ইউনিয়ন পরিষদের পুরাতন পরিত্যক্ত ভবন দীর্ঘদিন ধরে নেশাখোর ও চোরচক্রের আশ্রয়স্থল হয়ে উঠেছে।

তারা আরও জানান, ফারুক এলাকার একজন চিহ্নিত মাদক সেবনকারী ও কারবারি। 

এ বিষয়ে তিতাস থানার ওসি আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, ভিক্ষুকের টাকা ছিনতাই হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের টিম ছিনতাইকারীদের গ্রেপ্তার করার জন্য মাঠে কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ফারুক নামের একজনকে গ্রেপ্তার করেছি। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার ফারুক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission