
ফেসবুকের মাধ্যমে ভারতীয় নাগরিক দিপংকরের পরিচয় হয় বাংলাদেশি তরুণী অর্চনা সুরিনের (২৭)। পরে তাদের মধ্যে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এসময় তাকে বিয়ের আশ্বাস দিলে ভারতীয় নাগরিক রানার মাধ্যমে গত ১২ ডিসেম্বর শ্রীমঙ্গল সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে দিপংকরের বাড়িতে যায় সুরিন।
দিপংকরের মা-বাবা বিয়েতে অস্বীকৃতি জানায় এবং ১৪ ডিসেম্বর পতিরাম থানা পুলিশ সুরিনকে আটক করে। সবশেষ তাকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে প্রায় ঘন্টাব্যাপী পতাকা বৈঠক শেষে র্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) কাছে ওই তরুণীকে হস্তান্তর করে বিএসএফ।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সুরিনকে আটক করো হয়। পরে বিএসএফের আহ্বানে পিলার ২৯৯/১ এস এর কাছে ভারতের অভ্যন্তরে বসুলপুর শেখপাড়া (জিআর-৮২৫০৯৭, এমএস-৭৮ সি/১৪) এলাকায় পতাকা বৈঠকে সাড়া দেয় বিজিবি। বৈঠকে ভারতে আটক বাংলাদেশি নারী নাগরিক অর্চনা সুরিনের জাতীয় পরিচয়পত্র যাচাইবাছাই করে বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় বিএসএফ পক্ষ থেকে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, অর্চনা সুরিনকে গ্রহণের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আরটিভি/আরএ




