ময়মনসিংহের ভালুকা উপজেলায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর মরদেহ নিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে উল্লাস করেন উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়ার পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে এবং পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার শ্রমিক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার ভেতরে আমাদের দিনের নবী করিম হযরত মুহাম্মদ (স.) নিয়ে কটূক্তি করেন ওই যুবক, এ সময় কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা তৈরি হয় এবং কারখানার মেইন ফটকে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। পরে একপর্যায়ে গেইটের বাহিরে উত্তেজিত মুসলিম জনতা দিপুকে গণপিটুনি দিলে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যান। পরে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারের একটি গাছে লাশ ঝুলিয়ে রেখে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে উল্লাস করে এবং আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেন তারা।
এদিকে মহাসড়ক অবরোধ থাকায় প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ আলফা-২ এর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় নিহতের অপরাধের বিষয়টি তদন্ত করা হবে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এএএ




