
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারত থেকে ৪ থেকে ৫টি চিতাবাঘ দলবেঁধে বাংলাদেশে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার নাজিরগোমানী ও গুরুপাড়া সীমান্ত দিয়ে বাঘগুলো বাংলাদেশে আসার খবর পাওয়া গেছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে আছেন।
সীমান্তবর্তী এলাকাবাসী জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের দিকে ৬৮ থেকে ৭০ নম্বর মেইন পিলারের কাছে কাঁটাতারের বেড়া টপকে বাঘগুলো গ্রামে প্রবেশ করেছে। বাঘের পায়ের ছাপ অনেকেই দেখতে পেয়ে মোবাইলে ধারণ করেছেন। বন্যপ্রাণীর উপস্থিতির কারণে গ্রামের পরিবেশ সন্ধ্যার পর থেকে নীরব হয়ে গেছে এবং গবাদিপশু ও নিজেদের নিরাপত্তা নিয়ে সবাই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সুমন জানান, গত রাতে বিষয়টি তারা জানতে পারেন। এর আগে একই এলাকায় দুটি চিতাবাঘ ঢুকে একটিকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করেছিল। সেই সময় চিতাবাঘ আক্রমণে অন্তত চারজন গুরুতর আহত হয়েছিলেন। তাই এবার গ্রামের লোকজন আরও বেশি সতর্ক ও ভীত।
৬১ বিজিবির নাজিরগোমানী বিওপি ক্যাম্প থেকে সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ক্যাম্প কমান্ডার জানান, চিতাবাঘের উপস্থিতির বিষয়টি তারা অবগত হয়েছেন এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সীমান্তবর্তী বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচল করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া রাতে ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দেয়া হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিজিবি ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।
আরটিভি/এসকে




