
ফরিদপুরের সদরপুরে সাব-রেজিস্টার অফিসের পাশ থেকে হাত বাঁধা এক অজ্ঞাত (২৫) যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওই অফিস সংলগ্ন রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে এক নারী রাস্তার পাশে ওই যুবতীর মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ৯৯৯ ফোন দিলে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, গত দুইদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে এদিক দিয়ে ঘোরাফেরা করতে দেখেছি। ধারণা করা হচ্ছে সেই মেয়েটির লাশ হতে পারে।
সদরপুর থানার সাব ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, অজ্ঞাত নারীর লাশের বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে। তার মুখে ক্ষত চিহ্ন রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এএএ




