
পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালা ও ভাগিনা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঝাঁউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন (২২) এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী অভিমুখী একটি মোটরসাইকেলের সাথে লালপুর অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শাকিব হোসেন ও শিরিনা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন৷
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল আরোহী দুইজন খালা ও ভাগ্নে। তারা আরামবাড়িয়া থেকে দাওয়াত খেয়ে ঈশ্বরদীতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটো রিকশার সাথে সংঘর্ষে তারা আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমএ




