বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ, শিশুকন্যার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩৪ এএম


বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ, শিশুকন্যার মৃত্যু
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বেলাল হোসেন নামে এক বিএনপি নেতার বসতঘরে তালা লাগিয়ে ও পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার মেয়ে আয়েশা আক্তার (৭) দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া, বেলাল ও তার আরও দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

বিথি ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী বেলাল ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সুতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। বাজারের পশ্চিম পাশেই তার বাড়ি।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে বেলাল তার স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে দগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে। পরে স্থানীয় বাসিন্দারা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশঙ্কাজনক। দুইজনের শরীরের অধিকাংশই পুড়ে গেছে।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থায় গুরুতর। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যান। আরও তিনজন অগ্নিদগ্ধ হন। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিতভাবে নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission