
চট্টগ্রাম মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা স্টেডিয়াম (সিজেকেএস) মার্কেটে দীর্ঘদিন ধরে অব্যবস্থা ও অনিয়মের অভিযোগ উঠেছে। মার্কেটে প্রায় ৫শ’টির বেশি দোকান রয়েছে। প্রতি দোকান থেকে মাসে ৩০০ টাকা করে পরিষ্কার-পরিচ্ছন্নতার নামে নেওয়া হলেও, তাতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটের নিচ তলা মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত হয়েছে। দিনের আলো হোক বা রাতের অন্ধকার-প্রকাশ্যেই মাদক সেবন, সন্দেহজনক আড্ডা এবং অসামাজিক কর্মকাণ্ড চলতে দেখা যায়। এর ফলে মার্কেটে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
এছাড়া, মার্কেটের নিচ তলায় ময়লা আবর্জনা ভরে থাকায় পরিবেশ অস্বাস্থ্যকর হয়েছে। পচা আবর্জনা, দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এলাকায় বিরাজ করছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এ অবস্থা স্থায়ী হলেও বর্তমান এডহক কমিটি তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। এছাড়া, দোকানদারদের কাছ থেকে নেওয়া পরিষ্কার-পরিচ্ছন্নতার অর্থের হিসাবও কেউ দিতে পারছে না।
এডহক কমিটির সদস্য মোহাম্মদ ইকবাল বলেন, আমরা সিটি করপোরেশনকে জানিয়েছি, কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মার্কেটে জেনারেটর ও লিফটের কোনো ব্যবস্থা নেই। সাবেক মেয়র এক মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু শুধু ঘোষণা দিয়েই দায়িত্ব ছাড়ার মতো অবস্থা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রনব কুমার শর্মা বলেন, সড়কে ময়লা-আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব সিটি করপোরেশনের। মার্কেটের ভিতরের ময়লা-আবর্জনা পরিষ্কার করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না।
আরটিভি/কেআই




