
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে হ্রদে বোট কায়াকিং করতে গিয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তার নাম মো. ইফরাত (২৬)। তিনি ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরতে আসেন ইফরাত। আজ সকালে চলে যাওয়ার কথা ছিল। তবে সকালে যাওয়ার আগে ছয় বন্ধু মিলে কায়াকিং করতে কাপ্তাই হ্রদে নামেন। সবাই লাইফ জ্যাকেট পরলেও ইফরাত পরেননি। ঘাট থেকে হ্রদের কিছু দূর যাওয়ার পর কায়াকিং বোট ভারসাম্য হারিয়ে উল্টে গিয়ে তিনি ডুবে যান।
রাঙামাটি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবুল কালাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার করে রাঙামাটি কোতয়ালি থানায় হস্তান্তর করে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। যেহেতু পানিতে ডুবে মারা গেছেন, তাই একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএ




