
মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কের আছুরাঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) ও ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত থেকেই এলাকায় ঘন কুয়াশা ছিল, যার ফলে দৃষ্টিসীমা কমে আসায় সড়ক চলাচলে বিঘ্ন ঘটছিল। মূলত তীব্র কুয়াশা এবং দুই যানের অতিরিক্ত গতির কারণেই এই ভয়াবহ সংঘর্ষ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা গণমাধ্যমকে বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে দুই মোটরসাইকেল আরোহী কুলাউড়া-জুড়ী উপজেলা সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় আছুরাঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
তিনি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পিকআপের চালক পলাতক রয়েছেন।
আরটিভি/আইএম




