
প্রতিবছরের ন্যায় এবারেও যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে সারাদেশের মত কুড়িগ্রামেও উদযাপিত হয় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দিনভর শহরের পুরাতন স্টেশন পাড়া এলাকায় রিভারভিউ মোড়ের অস্থায়ী চার্চে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দিন ব্যাপী নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজন।
এ সময় ধর্মপ্রাণ অনুসারীদের উদ্যোগে বিশেষ প্রার্থনা ও উপাসনার আয়োজন করা হয়। প্রার্থনা শেষে খ্রিষ্টান সম্প্রদায়ের পরিবারগুলো একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনন্দ ভাগাভাগি করেন। এ উৎসবকে ঘিরে জেলায় গির্জা ও বাড়িঘর সাজানো হয় আলোকসজ্জা ও বড়দিনের প্রতীকী উপকরণ দিয়ে।অনেক স্থানে শিশু-কিশোরদের অংশগ্রহণে সংগীত পরিবেশন ও কেক কাটার আয়োজনও করা হয়।
বড়দিনের এ উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।এসময় অনুষ্ঠানে চার্চের বাক্য পরিচর্যা করেন ইমরান সরকার বলেন, কুড়িগ্রামে আমরা প্রতি বছর আনন্দঘন পরিবেশে বড়দিন পালন করে থাকি। এ বছর নিরাপত্তার শঙ্কা থাকলেও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। দিনভর আনন্দের সাথে আমরা উৎসব উদযাপন করছি।
অন্য এক এ ধর্মাবলম্বী সিনথিয়া সাফরিন বলেন, প্রভু যিশু খ্রিষ্টের জন্মদিন আজ। এটি আসলে এখন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।আমরা ছাড়াও হিন্দু মুসলমান ও অন্য ধর্মাবলম্বীগণও উৎসবে মেতে উঠেন।আমরা সবাই মিলেমিশে বড়দিন পালন করছি।
বড়দিনের উৎসব দেখতে আসা সুজন মোহন্ত জানান, প্রতিবছরের মতো এবারও কুড়িগ্রামেও উৎসবমুখর পরিবেশে এই দিনটি উদযাপিত হচ্ছে। বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রহিম বলেন, বড়দিনের উৎসব নির্বিঘ্ন করতে আমরা পুলিশ প্রশাসন সজাগ রয়েছে। এখানে আমাদের মোবাইল টিম সার্বক্ষণিক রয়েছে।
আরটিভি/এএএ




