
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে ঘরের ভেতর থেকে এক মাটি কাটার শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফাইজুদ্দিন (৫০)। তিনি নয়াপাড়া গ্রামের মৃত সামেজুদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে স্থানীয় পথচারীরা একটি ঘর থেকে রক্ত ঝরতে দেখে সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ফাইজুদ্দিনের নিথর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে দাম্পত্য কলহের জেরে স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে চলে যান। এরপর থেকে একাই বসবাস করছিলেন ফাইজুদ্দিন। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে সন্ধ্যায় স্ত্রী ও স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।
স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মাটি কাটার দলের সরদার তারেক বলেন, স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার জন্য বুধবার তিনি উকিল নোটিশ পাঠিয়েছিলেন।
তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, নিহতের ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। হত্যার পেছনে থাকা রহস্য উদঘাটনে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।
আরটিভি/এস




