
পটুয়াখালীর দুমকীতে যাত্রীবাহী অটোরিকশা ও সিমেন্টবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুই জন নিহত এবং দুই জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে লেবুখালী–বাউফল মহাসড়কের রাজাখালীর পিছাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বগা থেকে আসা অটোরিকশাটি পিছাখালী ব্রীজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শিশুটি রবিউল (৬) নিহত হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে আহত ইব্রাহিম খান (৬০) হাসপাতালে মৃত্যুবরণ করেন।
অপর আহত ব্যক্তিরা হলেন সুমন সরদার (২৫) ও আ. কাদের (৫০), যাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতাল সূত্রে
জানা গেছে, নিহত রবিউলের বাবা আ. কাদেরের অবস্থাও আশঙ্কাজনক। আহত সুমনের একটি হাত সম্পূর্ণভাবে ভেঙে গেছে।
রবিউলের বাড়ি বাউফল উপজেলার ঝিলনা গ্রামে এবং ইব্রাহিমের বাড়ি কলতা গ্রামে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা ও টমটম উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতদের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ




