
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মা ও শিশু মেয়ে (৮ মাস) নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ফেনী জেলার বাসিন্দা জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭) এবং তাদের ৮ মাস বয়সী কন্যা তাজরিয়া কবির পিয়ম। নিহতের পরিবার ঢাকার মিরপুর শাহআলী এলাকায় থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় দ্রুতগতিতে চলার সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমূখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এ সময় আরও কয়েকজন আহত হন।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রেয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোড়াই এলাকায় প্রাইভেটকারটি রাস্তার পাশে থামলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মা ও শিশু কন্যা নিহত হয়। এ সময় চালকসহ আরও দুইজন আহত হন। তাদের মির্জাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
আরটিভি/এমএ




