
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ১৭ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে পিঞ্জুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় বিএনপির নেতাকর্মীরা নবাগতদের ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীরা হলেন, আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকণ্ঠ দেউড়ি, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ ও হাবি শেখ।
এ সময় বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এসএম জিলানীর হাতকে শক্তিশালী করতে মাঠে কাজ করবো।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, আজ যারা আমাদের দলে যোগদান করেছেন, আমরা তাদের সানন্দে গ্রহণ করেছি। আগামী দিনে আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করবেন বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরটিভি/এসকে




