মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজের তিনদিন পর উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত উমায়ের হাসান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার মুক্তার গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়ার কাজীপুরা সংলগ্ন মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে। আড়াইটার দিকে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সোহাগ ও বায়েজিদ নামে উমায়েরের দুই বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই উমায়ের নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় উমায়েরের মা আনার কলি সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিহতের মা আনার কলি অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে উমায়েরের ওই দুই বন্ধু পলাতক রয়েছে এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ। তার দাবি, পরিকল্পিতভাবে সোহাগ ও বায়েজিদ তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/একে



