
রংপুর মহানগরীর মডার্ন মোড় থেকে অচেতন অবস্থায় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমানকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাজহাট থানা পুলিশ তাকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মডার্ন মোড় এলাকায় অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সেখানে গিয়ে তাকে উদ্ধার করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, তিনি গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানান, তার মনোনয়নপত্র বাতিল হওয়ার পর ঢাকায় আপিলের মাধ্যমে তিনি পুনরায় প্রার্থিতা ফিরে পান। এরপর ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে কুড়িগ্রামগামী ‘পিংকি পরিবহন’-এ করে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। পথে সিরাজগঞ্জ এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে ডিম খাওয়ানোর পর অচেতন করে ফেলে। পরে রংপুরের মডার্ন মোড় এলাকায় বাস থেকে নামিয়ে রেখে যায়।
ওসি আতাউর রহমান আরও বলেন, উদ্ধার করার পর তাকে থানায় এনে চিকিৎসা ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এর আগে শুক্রবার দুপুরে সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আজিজার রহমানের মেয়ে আশা মনি খাতুন। জিডিতে তিনি উল্লেখ করেন, তার বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছে ফোনে পরিবারের সঙ্গে কথা বলেন। পরে তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় গাবতলী থেকে বাসে করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।
জিডিতে আরও বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আজিজার রহমানের মোবাইল নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে জানান, আপনার বাবা আমাদের কাছে আছে। তবে বাবার সঙ্গে কথা বলতে চাইলে তাকে কথা বলতে দেওয়া হয়নি। কিছুক্ষণ পর ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই আজিজার রহমান নিখোঁজ ছিলেন।
আরটিভি/এএএ

-1791602220-408613_1791602357.jpg)
