ধান খেয়েছে বাবুই পাখি, ক্ষোভে ২৯ ছানা হত্যা করলেন যুবক

আরটিভি নিউজ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৮:২৭ পিএম


ধান খেয়েছে বাবুই পাখি, ক্ষোভে ২৯ ছানা হত্যা করলেন যুবক
বাবুই পাখি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বাবুই পাখির ২৭টি বাসা ভেঙে ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও জরিমানা করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পোপাদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ফারুক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বাচা মিয়া (৪৮), তিনি পোপাদিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও মেহেদি হাসান ফারুক জানান, স্থানীয় পরিবেশকর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে ২৯টি মৃত বাবুই ছানা এবং বেশ কিছু ভাঙা ডিম পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি ঘটনাটি স্বীকার করেন।

অভিযোগে জানা যায়, ধান খেয়ে ফেলায় ক্ষুব্ধ হয়ে তিনি তালগাছ থেকে বাবুই পাখির বাসাগুলো ভেঙে ফেলেন।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১৩-এর ৩৮ ধারা অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।

নেচার কনজারভেশন অ্যালায়েন্সের সভাপতি ছিদ্দিকুর রহমান রাব্বি জানান, বাসাগুলো অভিযুক্তের বাড়ি থেকে দূরে ছিল। তিনি নিষেধাজ্ঞা অমান্য করে এ কাজ করেন। তিনি আরও বলেন, বাবুই পাখি সাধারণত কৃষিজমির ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে।

বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা জানান, সারা বিশ্বে ১১৭ প্রকার বাবুই পাওয়া গেলেও বাংলাদেশে মাত্র তিন প্রজাতির বাবুই পাখির দেখা মেলে। যদিও এই তিন প্রজাতির বাবুই পাখির দেখা পাওয়াও এখন দুষ্কর। পরিবেশ বিপর্যয়, নির্বিচার শিকার ইত্যাদি কারণে সুন্দর এই পাখি দেশ থেকে হারিয়ে যাচ্ছে।

তিনি বলেন, তালগাছ, নারকেল, খেজুর ইত্যাদি গাছে ঝুলিয়ে বাসা তৈরি করে ‘দেশি বাবুই’। বরিশাল অঞ্চলে সাধারণত দেশি বাবুইয়ের বাস।

বাবু পাখি হত্যার ঘটনাটিকে অত্যন্ত হৃদয় বিদারক আখ্যা দিয়ে বন বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, দেশি বাবুইকে প্রায়ই ফসলে ক্ষেতে দেখা যায়, অনেকে ধারণা করেন পাখিটি ফসল খায়। কিছু ফসল হয়তো খায়ও। কিন্তু ফসলের ক্ষতিকর পোকামাকড়ই তার প্রধান খাদ্য। তাই প্রকৃতপক্ষে কৃষকের ক্ষতির চেয়ে উপকার অনেক বেশি করে।

প্রকৃতির সুন্দর এই পাখিটিকে রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের এক নম্বর তফসিল অনুযায়ী এই পাখিটি সংরক্ষিত। তাই এটি শিকার, হত্যা বা এর কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission