বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে গিয়ে সুজন দালাল (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী সঙ্গী, হোটেল ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
পেশায় বালুর বাল্কহেড শ্রমিক নিহত সুজন বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) দিবাগত রাত ২টার দিকে সুজন তার বন্ধু মারুফ আকনকে নিয়ে নগরীর বিউটি রোড এলাকার আবাসিক হোটেল নছিবে যান। সেখানে লিমা নামে এক নারীর সঙ্গে সময় কাটাতে হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন তিনি। কক্ষে প্রবেশের কিছুক্ষণ পরই সুজন তার বন্ধু মারুফকে ফোন করে জানান যে, তিনি প্রচণ্ড অসুস্থ বোধ করছেন। দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হোটেল ম্যানেজার জসীম, মারুফ আকন ও লিমা নামে ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলে নারী সঙ্গীর সাথে দীর্ঘ সময় কাটাতে তিনি কোনো শক্তিশালী যৌন উত্তেজক ওষুধ সেবন করেছিলেন। এর প্রতিক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
আরটিভি/এমএইচজে




