ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এক মাসে ২৬ বাড়িতে চুরি, বাদ যায়নি মসজিদের ব্যাটারিও

​মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি: আরটিভি

​সন্ধ্যা নামলেই আতঙ্ক বাড়ে নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের বিভিন্ন গ্রামে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তারের পাশাপাশি জ্যামিতিক হারে বেড়েছে চুরি। গত এক মাসে ইউনিয়নের চকসিদ্ধেশ্বরী, পাঁজরভাঙ্গা, তালপাতিলা ও চকবালু এই ৪ গ্রামে অন্তত ২৬টি বাড়ি ও বিভিন্ন স্থাপনায় চুরির ঘটনা ঘটেছে। চুরির এসব ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

​স্থানীয়দের দাবি, কশব ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাঁজা, চোলাই মদ, ট্যাপেন্টাডল বড়িসহ বিভিন্ন মাদকদ্রব্য সহজেই পাওয়া যাচ্ছে। মাদকের টাকা জোগাড় করতে মাদকাসক্তদের একটি অংশ চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।

​এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত এক মাসে ওই চার গ্রামের অন্তত ২৬টি বাড়ি ও প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। তালপাতিলা গ্রামের নাজিমের বাড়ি থেকে ১ লাখ টাকা ও সাড়ে ৫ ভরি সোনা চুরির অভিযোগ রয়েছে। মতিউরের বাড়ি থেকে ডাব, লিয়াকতের বাড়ি থেকে সুপারি ও ডাব, আবুদ্দিনের বাগান থেকে নেট এবং রইছের বাড়ি থেকে পানির ফিতা চুরি হয়েছে।

​চকসিদ্ধেশ্বরী গ্রামের মজিবুর, এনামুল ও আবদুর রউফের বাড়ি থেকে স্মার্টফোন, প্রবাসী জাফরের বাড়ি থেকে সোনার কানের দুল, মমিনুল ইসলামের ভ্যান, জাহাঙ্গীরের বাগান থেকে বাতাবি লেবু, কইরের বাড়ি থেকে কলস ও গামলা, মাহমুদার বাড়ি থেকে নগদ টাকা ও ব্যাগ এবং আনোয়ারের প্রায় ২০ হাজার টাকা মূল্যের ১০টি বোরিং পাইপ চুরি হয়েছে। এছাড়া স্থানীয় একটি মসজিদ থেকে দুটি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।

​পাঁজরভাঙ্গা গ্রামের এমদাদের বাড়ি থেকে মোবাইল ফোন, নাজিমের বাড়ির টিউবওয়েলের হ্যান্ডেল ও বাগান থেকে কলা-সুপারি, জিন্নাতুনের চার্জার ভ্যানের যন্ত্রাংশ চুরি এবং শম্ভু লালের নদী পারাপারের নৌকার মেশিনের তেল চুরি হয়। কয়েক মাস আগে কালামের বাড়ি থেকে এক ভরি ওজনের সোনার চেইন চুরি হয়েছে বলেও স্থানীয়রা জানান।

​অন্যদিকে চকবালু গ্রামের জলিলের দোকান থেকে প্রায় ৫ হাজার টাকার মাছ, নুরুদ্দিনের বাড়ি থেকে রান্নার সরঞ্জাম, আনসেনের বাড়ি থেকে স্মার্টফোন, নাসিরের বাড়ি থেকে মোবাইল, শরীফের বাড়ি থেকে ডাব-সুপারি এবং মোকছেদের বাড়ি থেকে মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি গেছে। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে সাইকেল, পানির পাম্প, টিউবওয়েলের মাথা ও বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটছে।

​এলাকাবাসীর জোর দাবি, মাদকের মূল আস্তানা ও কারবারিদের দ্রুত চিহ্নিত করে নিয়মিত পুলিশি টহল জোরদার করা হোক, যাতে তারা স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরে পান।

​এদিকে মাদক ও চুরির উপদ্রব থেকে রক্ষা পেতে সম্প্রতি চকসিদ্ধেশ্বরী মধ্যপাড়া মসজিদে জুমার নামাজের পর এলাকাবাসী মতবিনিময় সভার আয়োজন করেন। সেখানে মাদক কেনাবেচা বন্ধ ও চুরি প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

​পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর বিকেলে চকসিদ্ধেশ্বরী গ্রামের পুকুরপাড় এলাকায় স্থানীয়রা মাদকসেবী ও কারবারিদের চিহ্নিত করে ধরার চেষ্টা চালান। এ সময় মাদকদ্রব্য ফেলে কয়েকজন পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিত্যক্ত অবস্থায় নেশাজাতীয় ট্যাবলেটগুলো উদ্ধার করে।

​তালপাতিলা গ্রামের ভুক্তভোগী মো. নাজিম জানান, ফজরের নামাজের পর ঘরের জিনিসপত্র এলোমেলো দেখে তারা চুরির বিষয়টি টের পান। চোরচক্র ছাদের গেটের গ্রিলের ভেতর দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে। এই ঘটনায় আনুমানিক সাড়ে ৫ ভরি সোনা এবং প্রায় ১ লাখ টাকা চুরি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।

​তিনি আরও বলেন, আমাদের এই এলাকায় প্রায় প্রতিনিয়ত বাড়িতে চুরি হচ্ছে। আমাদের ধারণা এরা মাদকের সঙ্গে জড়িত। মাদকের টাকা জোগাড় করার জন্যই এরা এসব করছে। সুযোগ পেলেই চুরি করছে।

​পাঁজরভাঙ্গা গ্রামের ভুক্তভোগী অবসরপ্রাপ্ত ব্যাংকার নাজিম আহম্মেদ বলেন, ঘরে কী আছে আর কখন চুরি হয়ে যায় এ নিয়ে সবসময় আতঙ্কে থাকি। কিছুদিন আগে টিউবওয়েলের হ্যান্ডেল, বাগানের কলা, সুপারি এবং আমার নাতির সাইকেল চুরি হয়েছে। রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না। এ নিয়ে পুলিশ যেন দ্রুত পদক্ষেপ নেয়।

​কশব ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রমজান আলী বলেন, এলাকায় মাদক ও চুরির বিষয়ে নিয়মিত অভিযোগ পাওয়া যাচ্ছে। জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ জরুরি।

​এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, এ ধরনের কোনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ এখনও তাদের কাছে আসেনি। তবে অভিযোগ পেলে বা ভুক্তভোগীরা সরাসরি যোগাযোগ করলে বিষয়টি দ্রুত তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত জোর দিয়েছেন। শিক্ষার ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে। তাই পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন। আমরা সেই বরাদ্দকে কাজে লাগাতে চাই বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা
শ্রেণিকক্ষ আছে, শিক্ষক-কর্মচারী আছেন, নেই শুধু শিক্ষার্থী। মাঠজুড়ে হাঁটুসমান ঘাস, শ্রেণিকক্ষগুলো প্রায় ফাঁকা। অথচ কাগজে-কলমে শিক্ষার্থী ১৫৭ জন। এর মধ্যে উপবৃত্তি পাচ্ছে ৯৬ জন। বাস্তব চিত্র আরও বিস্ময়কর-সরেজমিনে সব শ্রেণি মিলিয়ে উপস্থিত পাওয়া গেছে মাত্র ছয়জন। অথচ এ প্রতিষ্ঠানে ২১ শিক্ষক-কর্মচারী প্রতিমাসে বেতন উত্তোলন করছেন প্রায় সাড়ে ৪ লাখ টাকা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার নিজাই খামার বালিকা দাখিল মাদরাসায় প্রায় এক দশক ধরে চলছে এমন অনিয়ম।
মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে সুজন মিয়া (৩০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ফের ধস, আতংকিত এলাকাবাসী
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে আবারও ভয়াবহ ধস দেখা দিয়েছে।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা জানান, ধসে যাওয়া অংশের পাশ দিয়ে তীব্র স্রোতে নদী আছড়ে পড়ছে। বড় বড় ফাটল তৈরি হওয়ায় যে-কোনো সময় আরও অংশ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বারবার এভাবে ধসে যাওয়া অংশ ভেঙে যাওয়ায় এলাকাবাসীরা আতংকিত হয়ে পড়ছেন। এর আগে, বৃহস্পতিবার রাতে প্রায় ৪০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় সড়ক হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, রাতেই বিকট শব্দে বাঁধ ভেঙে নদীতে চলে যায়। যেহেতু বাঁধের পাশেই আমাদের বাড়ি এখন আমাদের বাড়িঘর নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা নদীতে বিলীন হয়ে যাবে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দল। সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক ফজলুল হক বলেন, ঝুঁকিপূর্ণ স্থানটি জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে রক্ষার উদ্যোগ নেওয়া হবে।  কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, কাঁচকল কেডিওয়ারী এলাকার ৪ দশমিক ১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে এই ভাঙন সমস্যার সমাধান হবে বলে আশা করছি। আরটিভি/এসএস
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ফের ধস, আতংকিত এলাকাবাসী
ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ ২ বস্তু উদ্ধার
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ্য দুটি পরিত্যক্ত বস্তু উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ ২ বস্তু উদ্ধার
আরও পড়ুন
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
চাঁদা না পেয়ে সাইকেল মিস্ত্রিকে মারধর, অতঃপর...
ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার
ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস