ধানের কাজে ব্যস্ত থাকার সময়ে আকস্মিক বজ্রপাতে চাঁদপুরের কচুয়ায় পদ্মারানী (৫৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার ছেলে নারায়ণ (৩০)।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার ৯নং কড়াইয়া ইউনিয়নের বড় হায়াতপুর পাটোয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত পদ্মারানী বড় হায়াতপুর পাটোয়ারী বাড়ির মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী। স্থানীয়দের কাছে তিনি পরিশ্রমী ও শান্ত স্বভাবের একজন নারী হিসেবে পরিচিত ছিলেন।
পারিবারিক ও স্থানীয় এলাকা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের জমিতে শুকানো ধান আনতে যান পদ্মারানী ও তার ছেলে নারায়ণ। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয়। মুহূর্তেই বিকট শব্দে বজ্রপাত হলে পদ্মারানী ও ছেলে নারায়াণ মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনুবা মরিয়ম পদ্মারানীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, বজ্রপাতে নারীর মৃত্যুর ঘটনায় সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এসএস



