
খাগড়াছড়ি জেলা শহরের মাছ বাজার মার্কেটে আগুনে পুড়ে গেছে বিভিন্ন ধরণের ১৪টি দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। এসময় ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী আরও দুটি দোকান। এতে দেড়কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাত পৌনে ১২টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
--------------------------------------------------------
আরও পড়ুন : সাজেকে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ সদস্য নিহত
--------------------------------------------------------
প্রত্যক্ষদর্শী ও আশপাশের ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তারা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়লে মুদিমাল, প্লাস্টিক ও ক্রোকারিজ, বরফ তৈরির কারখানা, মাছের আড়ত, চায়ের দোকানসহ ১৪টি দোকান পুড়ে যায়। এসময় আরও ২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের এই ঘটনায় দেড় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হতে পারে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-পরিচালক জসিম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন তারা। পরে ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।
এদিকে, বাজারে আগুনের লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন পৌরসভার মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এসএমশফিসহ স্থানীয় ব্যবসায়িক সংগঠনের নেতারা।
অপরদিকে সকালে ক্ষতিগ্রস্ত দোকান ও ব্যবসায়ি প্রতিষ্ঠান দেখতে ঘটনাস্থলে যান জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন।
এসএস



