টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ-ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৮:২৬ পিএম


টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ-ভাঙচুর
অগ্নিসংযোগ ও ভাঙচুর-ছবি: আরটিভি

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে আবার সংঘর্ষ শুরু হয়। এ সময় অন্তত পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এতে পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ১৪৪ ধারার মধ্যেও দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আতঙ্ক বিরাজ করছে আশপাশের কয়েক এলাকাজুড়ে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। সংঘর্ষ আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে দুই গ্রামের মধ্যে বিরোধ সীমাবদ্ধ থাকলেও এখন সংঘর্ষের প্রভাব অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান বলেন, ছোট একটি বিষয় নিয়ে ঘটনাটি শুরু হলেও বর্তমানে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে। 

উল্লেখ্য, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে গত ২২ এপ্রিল গোপালপুর উপজেলার গোলপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সেই বিরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ সময় অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার গভীর রাতে প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission