
মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে। অন্তত ৭ জন নিহত হওয়ার পাশাপাশি ১০০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন এ ঘটনায়।
সোমবার (৯ অক্টোবর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কায়রো থেকে আসওয়ানগামী একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের পেছনে গিজা থেকে ফাইয়ুমগামী আরেকটি ট্রেন ধাক্কা দিলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং পাশের বাঁধের নিচে পড়ে যায়।
দুর্ঘটনার পরই উদ্ধার অভিযানে অংশ নেন স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. খালেদ আবদেল গাফফার জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে, যেখানে মাথার আঘাত ও হাড় ভাঙার মতো গুরুতর রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, তদন্তে কারও অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, যে অঞ্চলে (কফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী এলাকা) দুর্ঘটনাটি ঘটেছে, তা মিশরের রেল ইতিহাসে অত্যন্ত অভিশপ্ত একটি স্থান হিসেবে পরিচিত। ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে ঠিক এই এলাকাতেই কায়রো থেকে লুক্সরগামী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি হিসেবেই অন্তত ৩৭০ জন যাত্রী আগুনে পুড়ে মারা যান, যা মিশরের ইতিহাসের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা ছিল। পরবর্তীতে ২০০৯ সালেও এই অঞ্চলে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে বহু মানুষ প্রাণ হারান।
আরটিভি/এসএইচএম


