‘সামনে আসবি না, মাইরা ফালামু’: মিছিল থেকে যুবলীগের হুমকি

আরটিভি নিউজ

রোববার, ২১ জুন ২০২৬ , ০৬:১৪ পিএম


‘সামনে আসবি না, মাইরা ফালামু’: মিছিল থেকে যুবলীগের হুমকি
ছবি: সংগ্রহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীতে যুবলীগের একটি বিক্ষোভ মিছিল থেকে কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকিমূলক স্লোগান দেয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২১ জুন) ভোর সাড়ে ৬টার দিকে বাসন কলম্বিয়া গার্মেন্টসের সামনে এ বিক্ষোভ মিছিল করা হয় বলে জানা গেছে।

ভিডিওতে পুলিশ দেখে যুবলীগের নেতা-কর্মীদের বলতে শোনা গেছে, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু।’ এছাড়া তারা স্লোগান দেন, ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’।

ওই ভিডিওতে আরও দেখা গেছে, মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া এলাকায় শাকিল এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ৩০-৩৫ জন যুবক একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক। বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ মহানগর যুবলীগ একটি বিক্ষোভ মিছিল বাসন থানার কলম্বিয়া এলাকায় বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাছা থানার মালেকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। কলম্বিয়া এলাকায় থেকে মিছিলটি গাছা থানা এলাকায় অতিক্রমকালে মহাসড়কে গাছা থানার এক এসআইসহ দুইজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। তারা মিছিলের দিয়ে এগিয়ে যেতে চাইলে মিছিল থেকে যুবলীগের এক নেতা প্রকাশ্যে পুলিশকে সামনে আসলে মেরে ফেলার হুমকি প্রদান করে। এসময় পুলিশ সদস্যরা মিছিলের সামনের দিকে আর আগায়নি। পরে মালেকের বাড়ি এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে পুলিশ মেরে ফেলার হুমকি দেওয়ার বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলটি বাসন থানা থেকে শুরু হয়ে গাছা থানা সীমানায় প্রবেশ করে। সেখানে গাছা থানার একজন এসআইসহ আরও দুইজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, মিছিলটি বাসন থানার শেষ প্রান্ত কলম্বিয়া এলাকার হলেও পুলিশকে হুমকি দেওয়া হয় গাছা থানা সীমানা এলাকায়। সেখানে গাছা থানা পুলিশ দায়িত্ব পালন করছিলেন। কারা এ মিছিলে অংশ নিয়েছিল তার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission