সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ১০:৩৪ পিএম


সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি
ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবো উপজেলার একটি নির্মাণাধীন বাড়ির সুয়ারেজ ট্যাংকে প্রায় ১২ ঘণ্টা বালু ও পানির নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন এক রাজমিস্ত্রি। দীর্ঘ সময়ের চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এক্সক্যাভেটরের সাহায্যে ট্যাংকের চারপাশের মাটি কেটে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কুকুরমারা (শান্তিপুর) এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে মো. সোহরাব হোসেন (৪০) নামে ওই রাজমিস্ত্রিকে উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের কুকুরমারা গ্রামের রুস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্র, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল থেকে চারজন শ্রমিক নিয়ে একটি নতুন বাথরুমের সুয়ারেজ ট্যাংক নির্মাণের কাজ করছিলেন সোহরাব। বিকেল সাড়ে ৪টার দিকে ১৪ ফুট গভীরে বসানো রিং স্ল্যাবের ভেতরে পানি জমে গেলে তা সরাতে তিনি নিচে নামেন। এ সময় বালু ও পানির চাপে তার দুই পা আটকে যায়। প্রথমে সহকর্মীরা বিষয়টি গুরুত্ব না দিলেও পরে তাকে টেনে তুলতে ব্যর্থ হন। পরে স্থানীয়দের সহযোগিতায় চেষ্টা চালিয়েও সফল না হওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

রাত সাড়ে ৯টার দিকে বেলাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে মই ব্যবহার করে নিচে নেমে তাকে টেনে তোলার চেষ্টা করা হয়। পরে একে একে ৯টি রিং স্ল্যাবও সরিয়ে ফেলা হয়, কিন্তু তাতেও কাজ হয়নি। অবশেষে রাত ১২টার পর একটি এক্সক্যাভেটর এনে চারপাশের মাটি কেটে ফেলা হলে ভোর সাড়ে ৪টার দিকে সোহরাবকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পর তাকে দ্রুত বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিলেও পরে তার অনুরোধে ছাড়পত্র দেওয়া হয়।

উদ্ধার হওয়া রাজমিস্ত্রি সোহরাব হোসেন বলেন, বালু-পানিতে ১২ ঘণ্টা আটকে থাকার সময়টা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরেছি। ফায়ার সার্ভিস ও স্থানীয় যুবকদের প্রতি আমি কৃতজ্ঞ।

আরও পড়ুন

বেলাবো ফায়ার সার্ভিসের সাব-অফিসার মনজুরুল কাদির জানান, সর্বশেষ রিং স্ল্যাবের নিচে বালু ও পানির চাপে সোহরাবের পা শক্তভাবে আটকে ছিল। সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এক্সক্যাভেটরের সাহায্যে চারপাশের মাটি কেটে তাকে নিরাপদে উদ্ধার করা হয়। তিনি বলেন, এ ধরনের জটিল পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। সৌভাগ্যক্রমে তাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ঘটনাস্থলটি নদীর পাড়ঘেঁষা হওয়ায় নিচে ছিল কেবল বালু। পানি ওঠার পর নিচে নামতেই বালু সরে গিয়ে রিং স্ল্যাবের নিচে সোহরাবের পা আটকে যায়। প্রায় ১২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission