
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে যাত্রীবাহী একটি প্রমোদতরীতে তেলের ট্যাংকারের ধাক্কায় অন্তত ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ১২৯ জন যাত্রী থাকা প্রমোদতরীটি আংশিক ডুবে যায়।
নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ জানায়, আটলান্টিক অ্যাসফাল্ট নামের ট্যাংকারটি আমেরিকান হেরিটেজ নামের প্রমোদতরীটিকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা নৌযান থেকে নামছিলেন। ধাক্কার পর প্রমোদতরীটি ডুবতে শুরু করে এবং একপর্যায়ে কাত হয়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।
নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানান, প্রমোদতরীতে থাকা সব যাত্রীর খোঁজ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩২ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয়।
দুর্ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও চিকিৎসাকর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। এ ঘটনায় নদীতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। প্রমোদতরী পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, যাত্রী ও কর্মীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
২০১৫ সালে নির্মিত পাঁচতলা আমেরিকান হেরিটেজ প্রমোদতরীতে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। দুর্ঘটনার সময় এটি লুইজিয়ানা ও মিসিসিপি অঞ্চলে আট দিনের ভ্রমণ শেষ করছিল। কী কারণে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরীকে ধাক্কা দেয়, তা এখনো জানা যায়নি।
সূত্র: আল জাজিরা
আরটিভি/জেএমএ


