
সাতক্ষীরায় ভোরে হাঁটতে বের হয়ে গাড়িচাচাপায় এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা খাতুন (৫৫) সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।
বাঁশঘাটা গ্রামের শরিফুল ইসলাম জানান, তার মা রহিমা খাতুন বৃহস্পতিবার ভোরে হাঁটতে বের হন। এর কিছুক্ষণ পরেই তিনি খবর পান যে তার মায়ের মরদেহ সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের নিকটবর্তী এলাকায় রাস্তার ওপর পড়ে আছে। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি মাকে সড়কে পড়ে থাকতে দেখেন।
তিনি আরও জানান, রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী বাস বা ট্রাক তার মাকে চাপা দিয়ে চলে গেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম




