প্রবাসফেরত অসুস্থ স্বামীকে গভীর রাতে রাস্তায় ফেলে গেল স্ত্রী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ১০:৪৭ এএম


প্রবাসফেরত অসুস্থ স্বামীকে গভীর রাতে রাস্তায় ফেলে গেল স্ত্রী
প্রবাসফেরত অসুস্থ স্বামীকে গভীর রাতে রাস্তায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ এক প্রবাসীকে গভীর রাতে রাস্তায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

শনিবার (১ আগস্ট) রাতভর বৃষ্টি ও ঠান্ডার মধ্যে গ্রামীণ রাস্তায় পড়ে থাকার পর রোববার (২ আগস্ট) সকালে স্থানীয়রা তাকে দেখতে পান। পরে ওই ব্যক্তির ভাতিজি তাকে নিজের বাড়িতে নিয়ে আশ্রয় দেন।

প্রবাসফেরত ওই ব্যক্তির নাম জামাল উদ্দিন। তিনি উপজেলার কালমেঘা গ্রামে মৃত ফজর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে জামাল উদ্দিন পৈতৃক ভিটা বিক্রি করে স্ত্রী রিনা আক্তারের সাথে গাজীপুরের শ্রীপুরে বসবাস শুরু করেন। পরবর্তীতে তিনি জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমান এবং দীর্ঘ ১২ বছর সেখানে কর্মরত ছিলেন। প্রায় তিন মাস আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে দেশে ফেরেন। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না।

জামাল উদ্দিনের স্বজনদের দাবি, প্রবাসে অর্জিত সব অর্থ তিনি স্ত্রীর কাছেই পাঠাতেন। কিন্তু অসুস্থ হয়ে দেশে ফেরার পর স্ত্রী ও সন্তানরা তার চিকিৎসার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। অভিযোগ উঠেছে, গত শনিবার গভীর রাতে স্ত্রী ও সন্তানরা মিলে জামালকে কালমেঘা গ্রামের একটি রাস্তার পাশে প্লাস্টিকের বস্তার ওপর ফেলে রেখে চলে যান। সকালে স্থানীয়রা তার পাশে দুটি ব্যাগসহ তাকে পড়ে থাকতে দেখেন। পরে বৃষ্টি শুরু হলে তার ভাতিজি ইসমত আরা তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

জামালের ভাই আবদুল জলিল ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদেশে উপার্জিত সব টাকা স্ত্রীর নামে পাঠিয়েছে। আজ ভাই অসুস্থ হয়ে পড়ায় তাকে এভাবে রাস্তায় ফেলে রাখা চরম অমানবিক।

তবে স্ত্রী রিনা আক্তার তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন যে, কয়েক মাস আগেই তিনি জামাল উদ্দিনকে ডিভোর্স দিয়েছেন। তাই জামালের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই এবং ওই রাতে জামাল কীভাবে সেখানে পৌঁছালেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তার ছেলে আবু রায়হান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তিনি বিষয়টি জেনেছেন। মায়ের সঙ্গে বাবার সম্পর্ক ভালো নয়। তিনি পোশাক কারখানায় স্বল্প বেতনে শ্রমিকের কাজ করেন। তবে অসুস্থ বাবার সঙ্গে এমন আচরণ ঠিক হয়নি।

আরও পড়ুন

চাচা জামাল উদ্দিন নিজের বাড়িতে আছেন জানিয়ে ইসমত আরা বলেন, রাস্তায় অসুস্থ চাচাকে পড়ে থাকতে দেখে তার খারাপ লাগে। তাই বাড়িতে নিয়ে গেছেন।

সখীপুরের বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন বলেন, একজন অসুস্থ মানুষকে এভাবে রাস্তায় ফেলে যাওয়া অত্যন্ত অমানবিক। তার স্ত্রীর বাড়ি অন্য জেলায় হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টির সমাধান জটিল। তবে সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হবে। প্রয়োজনে এলাকাবাসীর সহযোগিতায় তাঁর চিকিৎসা ও থাকার ব্যবস্থা করা হবে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, ঘটনাটিকে অমানবিক। তবে থানায় এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আশরাফুল আলম জানান, ইতোমধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission