
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তাদের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকায়।
জানা যায়, আজ সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহারাদার স্বপন রাজভর চা বাগানের মোকাম আকাশি টিলায় একটি নিম গাছের সঙ্গে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন। কিন্তু তারা উভয়েই বিবাহিত ও তাদের আগের সন্তান রয়েছে। এ বিয়ের জের ধরে তাদের পরিবারে কলহ তৈরি হয়। একপর্যায়ে মঙ্গল বাউরী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মাথিউড়া চা বাগানের নিমগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর সূত্র ধরে ঘটনাটি ঘটতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএ



