
নওগাঁর আত্রাইয়ে নিজ বসতঘর থেকে সাথী (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাথী ওই গ্রামের প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের মতোই নিজের ঘরে ঘুমাতে যান সাথী। পরে আজ সকালে তার শাশুড়ি গৃহস্থালির কাজে পানি আনতে যাওয়ার সময় সাথীকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না মেলায় তার সন্দেহ হয়।
এ সময় শাশুড়ির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলে সিলিং ফ্যানের সঙ্গে সাথীর মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরটিভি/আইএম



