
কুমিল্লা জেলার ১৮ থানায় একযোগে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ার লক্ষ্যে জেলা পুলিশ কাজ করছে।
পুলিশ সুপার বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
আরটিভি/এমএম




