
সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে নৌকা ডুবে নদীতে ভেসে থাকা ও গাছের ডাল ধরে ঝুলে থাকা ৯ পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার কয়রা উপজেলার শিঙেরটেক সংলগ্ন রাই নদীতে এ ঘটনা ঘটে।
৯৯৯ নম্বরে খবর পেয়ে আংটিহারা নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নৌ পুলিশ জানায়, সুন্দরবনের শিঙেরটেক এলাকায় ভ্রমণ শেষে পর্যটকবাহী কাঠের ইঞ্জিনচালিত একটি বোট রাই নদী দিয়ে ফিরছিল। পথে ডুবন্ত একটি মরা গাছের ওপর উঠে নৌকাটি পানিতে ডুবে যেতে শুরু করে। এতে নৌকায় থাকা পর্যটকরা বিপাকে পড়েন।
এ সময় কয়েকজন সাঁতরে নদীর কিনারে ওঠার চেষ্টা করেন। অন্যরা নৌকা ও গাছের ডাল ধরে পানিতে অবস্থান নেন। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে বিষয়টি জানতে পারে আংটিহারা নৌ পুলিশ।
খবর পেয়ে এসআই দিদারুল আলমের নেতৃত্বে নৌ পুলিশের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা তিনজনকে নৌকা ধরে এবং ছয়জনকে পানিতে থাকা গাছের ডাল ধরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে দ্রুত অভিযান চালিয়ে নয়জনকেই উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সবাইকে টহল নৌকায় তুলে নিরাপদে আংটিহারা নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, নৌকার মাঝি কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল ইসলাম (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহিন (২৫), ইমামুল হোসেন (২৫), মো. গালিব (২৫) ও মো. আব্দুল্লাহ (২২)।
অভিযানে এসআই দিদারুল আলমের সঙ্গে ছিলেন এএসআই মো. সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ ও হৃদয় তালুকদার।
আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুখ হোসেন বলেন, ডিউটির সময় ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা জানতে পারেন, কয়রার শিঙেরটেক এলাকায় রাই নদীর মাঝখানে পর্যটকসহ একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা।
তিনি বলেন, উদ্ধারকারী দল গিয়ে তিনজনকে নৌকা ধরে এবং ছয়জনকে গাছের ডাল ধরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে সবাইকে নদী থেকে উদ্ধার করে টহল নৌকায় তুলে ফাঁড়িতে নিয়ে আসা হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরটিভি/এসকে



