
নারায়ণগঞ্জের রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি অমিমুল হাসান সাদকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এফরান খান। গ্রেপ্তারকৃত অমিমুল হাসান সাদ কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে।
র্যাব-১১ জানায়, গত ৩ সেপ্টেম্বর দুপুরে অমিমুল হাসান সাদ ওই কিশোরীকে ফুসলিয়ে নিজ বাড়ির চারতলার একটি নির্মাণাধীন কক্ষে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। এ সময় কিশোরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ইট দিয়ে মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। একপর্যায়ে অমিমুল হাসান সাদ ওই কিশোরীকে চারতলা থেকে টেনেহিঁচড়ে নিচে এনে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা কিশোরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিবিকেপি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কিশোরীকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অমিমুল হাসান সাদকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/টিআর


