
কুমিল্লার মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. আনোয়ার হোসেন (৪০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগমও গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি উত্তর পেন্নই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন আনোয়ার মেম্বার। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হওয়ার পর থেকে তিনি প্রায় আড়াই বছর গ্রামছাড়া ছিলেন। মাঝেমধ্যে রাতে বাড়িতে আসতেন বলে স্থানীয়রা জানান।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, নিহত ব্যক্তি দীর্ঘদিন আত্মগোপনে থেকে মাঝেমধ্যে রাতে বাড়িতে আসতেন। গত রাতে বাড়িতে আসার খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
আরটিভি/এমএম



