
পঞ্চগড়ে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের সামনে তর্কে জড়িয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা। এ সময় ব্যাপক হট্টগোল শুরু হলে সবাইকে শান্ত থাকার নির্দেশনা দিতে দেখা যায় মন্ত্রীকে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
হট্টগোল ও তর্তাতর্কির সূত্রপাত হয় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের একটি মন্তব্যকে ঘিরে।
সভায় এই বিএনপি নেতা তার বক্তব্যে বলেন, দল বর্তমানে হাইব্রিড নেতা দিয়ে ভরে গেছে। আগে দলকে হাইব্রিড মুক্ত করতে হবে। তিনি বলেন, জেলা পরিষদের দ্বায়িত্ব আপনারা কাচ্চু ভাইকে দেন, মজিদ ভাইকে দেন যাকেই দেন৷ দলের নেতাকর্মীদের সাথে আগে আলোচনা করেন। দলের দুর্দিনে যখন পার্টি অফিসে তালাবদ্ধ ছিল তখন আমি বোদা থেকে এসে পার্টি অফিসের তালা খুলেছিলাম। আমরা এখানে আনোয়ার ভাইকে পেয়েছি (সদর উপজেলার বিএনপির সাবেক সভাপতি)।
এ সময় তার এই মন্তব্যকে ঘিরে ব্যাপক হট্টগোল শুরু হয়। তর্কে জড়িয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা। প্রায় পাঁচ মিনিটের মতো চলে হট্টগোল।
এ সময় বিএনপির নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে জানতে ফোন করা হলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, আমি একটা অনুষ্ঠানে রয়েছি। আপনার সাথে পরে কথা হবে।
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, কীসের গন্ডগোল হইছে, গন্ডগোল হয়নি তো। মজিদকে জেলা পরিষদের প্রশাসক করছে এ নিয়ে ছেলেরা বক্তব্য রাখছে। এ নিয়ে একটু বাদ বিবাদ হইছে এই আরকি।
আরটিভি/এমএম


