ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সমর্থকের বাড়ির সামনে ‘জাদুটোনার’ পুতুল, এলাকায় আতংক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের শ্রীপুরে আলী হোসেন (৫৫) নামের এক বিএনপি সমর্থকের বাড়ির প্রধান ফটকের সামনে খড় দিয়ে মূর্তি বা পুতুল বানিয়ে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। ঘটনা জানাজানি হওয়ার পর কৌতূহলী গ্রামবাসী মূর্তি বা পুতুল দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছেন। অনেকে বলছেন, আতংক বা ভয় সৃষ্টির জন্য দুষ্কৃতকারীরা এটা করে রেখেছে।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আলী হোসেন শিরিশগুড়ি গ্রামের মৃত কমরুদ্দিন মাতবরের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। পরে প্রায় ১০ বছর যাবৎ বাড়িতে বসবাস করছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা বিএনপি রাজনীতি সমর্থন করেন। তবে কোনো ধরনের মিছিল-মিটিংয়ের সঙ্গে জড়ান না।

আলী হোসেন জানান, তার বাবা শিরিশগুড়ি গ্রামে সালিশ-বিচার করতেন। সেই সূত্রে গ্রামবাসী কোনো সমস্যা বা সম্ভাবনাময় কোনো আলোচনা হলে তাকেও ওইসব আয়োজনে ডাকেন এবং গ্রামের গণ্যমান্য ও মুরুব্বিরা দায়িত্ব দিলে তিনি ছোটখাটো বিচার-সালিশও করেন। তিনি তিন মেয়ের জনক। তাদের প্রত্যেককে বিয়ে দিয়েছেন এবং তারা শ্বশুরবাড়িতে বসবাস করছেন। গ্রামের কারও সঙ্গে তার বা পরিবারের কোনো সদস্যের মনোমালিন্য এবং ঝগড়া নেই। কারা বা কেন এবং কী উদ্দেশ্যে আমার বাড়ির সামনে এ ধরনের কাজ করছে, তা তিনি ধারণা করতে পারছেন না।

বাড়ির প্রধান ফটকের সামনে খড় দিয়ে মূর্তি বা পুতুল দেখে তিনি বলেন, আমি এবং আমার স্ত্রী—দুইজন মানুষ এই বাড়িতে থাকি। বাড়িটি চারপাশ ওয়াল দিয়ে বাউন্ডারি করা। সকালে ফজরের নামাজ পড়ে গেটটা গোছাইতেই (খুলতেই) দেখি আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত এঁকে রাখছে। ওই বৃত্তের ভেতর ক্রস দিয়ে দুইটা দাগ দিয়ে রাখছে। ওই দাগের ওপর খড় দিয়ে তৈরি মূর্তি বা পুতুল বানিয়ে রেখে দিছে। পুতুলকে কাফনের সাদা কাপড় পরানো অবস্থায় ১৫ থেকে ২০টি বেলকাঁটা পুতুলের বুকে গেঁথে রাখছে। সাদা কাপড়ে বুকের ওপর সিঁদুর কালারের লাল রং দিয়ে রাখছে। চারপাশে লাল রং ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখছে। পুতুলের বাঁ পা এবং বাঁ হাত বেঁধে রাখছে। পাশে গোলাপ জলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ফেলে রাখছে। পুতুলের সাইডে আগরবাতি জ্বালাইছিল, পাশে আগরবাতির ছাই পড়ে রয়েছে বুঝা যায়। কারা বা কেন আমার বাড়ির সামনে এ কাজ করলো আমি বুঝতেছি না। আমার কারও সঙ্গে শত্রুতা নাই। গ্রামবাসী এসে দেখে যাচ্ছে। তাদের কেউ কেউ বলতেছে এইডা একটা কুফরি, জাদুটোনা; কেউ বলতেছে শত্রুতামূলক ইঙ্গিত দেওয়া। মানে নানা ভয়ভীতি দেখাচ্ছে।

তিনি আরও বলেন, গত রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে গেট বন্ধ করে দিয়েছি। পরে আর বাড়ি থেকে বের হইনি। আমার ছেলে নাই, তিনটা মেয়ে আমার। তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছি। তারা শ্বশুরবাড়িতে থাকে। আমি বিএনপি সমর্থন করি তবে কোনো পদ বা মিছিল-মিটিংয়ে যাই না। গ্রামের কারও সঙ্গে কোনো বিবাদ নাই। সকাল থেকে এখনো লোকজন আসতেছে দেখার জন্য। উৎসুক মহিলাদের একজনে বললো কেউ শত্রুতামূলক এটা করছে। মাইরা ফালাইছে এমন ইঙ্গিত বুঝাইছে। আবার কেউ বলতেছে কুফরি করছে, জাদুটোনা বা বান মারছে। একজনের মুখে একেক কথা।

প্রতিবেশী শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসের ভেন্ডার আলী আকবর বলেন, আলী হোসেন বিদেশ থেকে এসে দীর্ঘদিন যাবৎ বাড়িতেই বসবাস করছে। আমার জানামতে তার কোনো শত্রু নাই। কারা, কেন এবং কী উদ্দেশ্যে এ ধরনের পুতুল এঁকে রেখে গেছে বুঝতেছিনা।

প্রতিবেশী নারী সুফিয়া খাতুন (৬০) বলেন, জাদুটোনা করতে পারে। দেখ, মনে হচ্ছে কেউ জাদুটোনা করার জন্য এটা করে রেখেছে যেন ভয় পায়।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামের পঞ্চাশোর্ধ্ব একজন বলেন, গ্রামাঞ্চলে মানুষ সাধারণত সহজ-সরল হয়। এ গ্রামের একজনের বাড়ির সামনে এ ধরনের একটা পুতুলসদৃশ মূর্তি রেখে গেছে, এটা দেখে সবাই আতংকে রয়েছে।

শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, রাতের আঁধারে গেটের সামনে কে বা কারা এমন ভয়ংকর নকশা এঁকে কাফনের কাপড় পড়ানো একটি পুতুলসদৃশ মূর্তি রেখে গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই শিরিশগুড়ি গ্রামে এক ধরনের আতংক ও কৌতূহল বিরাজ করছে। আসলে এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে, তা আইনশৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করার দাবি জানাচ্ছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আমি আপনার (সাংবাদিকের) মাধ্যমে এই মাত্র শুনলাম। আমি পুলিশ পাঠাচ্ছি ঘটনাস্থলে। তারা ফিরে আসলে বলতে পারবো বিষয়টা আসলে কী।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্বশুর বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবদল নেতার
কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন।  শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আবদুস সালামের ছেলে। সোহেল করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বাটরা গ্রামে নিহত সোহেলের শ্বশুর শাহজাহান মিয়া ও চাচা শ্বশুর আকবর আলীর মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে একাধিকবার সালিস-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।  গতকাল (শনিবার) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আবারও ওই রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শ্বশুরবাড়িতে থাকা সোহেল মিয়া এবং আকবর আলীর মেয়ের জামাই কালু মিয়াও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।  অভিযোগ রয়েছে, এ সময় কালু মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এই বিষয়ে অভিযুক্ত কালু মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ বলেন, সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এসআর
শ্বশুর বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবদল নেতার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে এক সামাজিক অনুষ্ঠানে দলীয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুক্ষেত-পাকা ধান, বিপাকে চাষীরা
​গত কয়েকদিনের টানা ও থেমে থেমে বৃষ্টির পানিতে জয়পুরহাটের নিচু জমিতে রোপণকৃত আগাম জাতের আলুক্ষেত ও কাটা পাকা ধান তলিয়ে গেছে। এতে ফসল নিয়ে চরম দুশ্চিন্তা ও ক্ষতির মুখে পড়েছেন জেলার চাষীরা। পাশাপাশি স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষও।
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুক্ষেত-পাকা ধান, বিপাকে চাষীরা
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে বৃষ্টির মধ্যে মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে।
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু
আরও পড়ুন
শ্রীপুরের পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা
গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা
গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব!
ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি!