
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ৯৯ জন ইউপি সদস্য পদপ্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। ঘোষিত তালিকায় কয়েকজন পরিচিত মুখ থাকলেও বেশিরভাগ প্রার্থী স্থানীয় সাধারণ ভোটারদের কাছে তুলনামূলকভাবে অপরিচিত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আ. জলিল শরীফ প্রার্থীদের নাম ঘোষণা করেন। সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আব্দুর রব।
ঘোষিত তালিকা অনুযায়ী, তুষখালী ইউনিয়নে তাওহীদ হাসান রুমী, ধানীসাফায় মো. মেহেদী হাসান, মিরুখালীতে ডা. নূরুল আমিন, দাউদখালীতে মো. হাবিবুর রহমান, মঠবাড়িয়া সদরে মো. আবুল কালাম আজাদ, টিকিকাটায় মো. শহিদুল ইসলাম এবং বেতমোর রাজপাড়ায় এস. এম. মজিবুর রহমানকে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে।
এ ছাড়া আমড়াগাছিয়ায় মো. ইয়াকুব আলী খাঁন, সাপলেজায় মো. আ. মালেক মীর, হলতা গুলিশাখালীতে মো. আরিফ বিল্লাহ এবং বড় মাছুয়া ইউনিয়নে মো. মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়েছে।
সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আফজাল হোসেন, সেক্রেটারি আবুল কালাম আজাদসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে সাংগঠনিকভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আরটিভি/টিআর




