
বগুড়ার শিবগঞ্জে জাঙ্গিয়ায় বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় জামাল (২৬) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে প্রায় পাঁচ হাজার পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল খুলনা জেলার সোনাডাঙ্গা থানার হাফিজ নগর এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়ানো অবস্থায় জামালকে সন্দেহ হলে তার দেহে তল্লাশি চালানো হয়। পরে তার পরিহিত জাঙ্গিয়ায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একাধিক জিপার প্যাক থেকে চার হাজার ৯৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার ওজন প্রায় ৪৯৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল স্বীকার করেছেন যে পেশায় তিনি কাপড় ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবারে জড়িত। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
বগুড়া ডিএনসির উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই চালানের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএম



