
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—উপজেলার হারাগাছ ইউনিয়নের সিট নাজিরদহ গ্রামের মাইদুল ইসলাম মুকুল (৩৩) এবং টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের জসমত আলী (৬০)। তাঁদের মধ্যে মাইদুল ইসলাম মুকুল হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য এবং জসমত আলী টেপামধুপুরের সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, গত ১২ নভেম্বর ভোরে উপজেলার খোর্দ্দভূতছড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলবদ্ধ হয়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। এ ঘটনায় কাউনিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, মামলাটির নিবিড় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাশকতার চেষ্টার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় অভিযান চালিয়ে মাইদুল ইসলাম মুকুল ও জসমত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের রংপুর আদালতে সোপর্দ করা হয়। মামলার অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
আরটিভি/এমএম



