
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটির নানিয়ারচরে নিজ গ্রাম রামহরি পাড়ায় বৌদ্ধ ধর্মীয় রীতি ও যথাযোগ্য সামরিক মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি দল আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। পরে মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত নৌ-সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
জানা যায়, ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন বাংলাদেশ ফোর্স মেরিটাইম ইউনিট ব্যানএফএমইউ-১১-এ দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ট্রোম্যান খীসা। পরে তাকে ভারতীয় ফিল্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার অবদানের কথা স্মরণ করে জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিশেষ প্রতিনিধি এবং দক্ষিণ সুদানে নিয়োজিত শান্তিরক্ষা মিশনের প্রধানও তার প্রতি শ্রদ্ধা জানান।
রোববার সকালে ট্রোম্যান খীসার মরদেহ ঢাকায় আনার পর নেওয়া হয় তার পৈতৃক নিবাস রাঙ্গামাটিতে। সেখানে সোমবার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী, সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে প্রয়াত ট্রোম্যান খীসার স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ এবং মেডেল তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৩ জুন রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়ায় জন্মগ্রহণ করেন ট্রোম্যান খীসা। ২০০৬ সালের ১ জুলাই নাবিক হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন তিনি।
আরটিভি/এসএস


