
ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজকে দেশে প্রবেশ করতে দেয়নি কোস্টারিকা (উত্তর আমেরিকা মহাদেশের দেশ)। জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে রাখা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমের বাদিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আলবানিজের বিরুদ্ধে আন্তর্জাতিক সতর্কতা রয়েছে। তবে কোন দেশ এই সতর্কতা জারি করেছে, তা তিনি জানাননি।
শুক্রবার (২৭ নভেম্বর) নিজের আটকের ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেন আলবানিজ। তিনি কোস্টারিকায় একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করতে যাচ্ছিলেন। ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা এবং যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় আগে থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে রয়েছেন তিনি। গাজা নীতি নিয়ে সমালোচনার পর যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে।
আরটিভি/জেএমএ


