
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় ফাঁকা গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন
এ ছাড়া এ ঘটনায় উভয়পক্ষের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করাসহ অগ্নিসংযোগ করা হয়েছে একটি মোটরসাইকেলে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ১৫/২০জন বরপা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করে। এ সময় তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভুঁইয়া মিছিলে বাঁধা দিলে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার সঙ্গে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। পরে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ৪-৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। আশপাশের ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। এতে বাধা দিতে গেলে ইয়ার হোসেনসহ ৩ জনকে আহত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেলের আগুনে পোড়া অংশ উদ্ধার করে।
এ ঘটনায় আরজু ভুঁইয়া বাদী হয়ে ১২জনকে নামীয় ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরটিভি/এমএইচজে


